লাইসেন্স পাচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক
সাইদ আরমান, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “বোর্ডে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ব্যাংকের পক্ষে সব শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করেছে। আমাদের পরীক্ষা-নিরীক্ষাও শেষ। রোববারের বোর্ড সভায় এর একটি মেমো উপস্থাপন করা হয়েছে। ব্যাংকের পক্ষে এর প্রধান নির্বাহী একটি ব্যবসায়িক প্রস্তাবনা তুলে ধরেন। বোর্ড সন্তুষ্ট হয়েছে। তাদের কিছু প্রশ্ন ছিল। ব্যাংকের পক্ষে তার জবাব দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “বোর্ডের সর্বসম্মতিক্রমে আগামী ৩ ফেব্রুয়ারিতে অনুমোদনের জন্য আসতে বলা হয়েছে। আগামী বোর্ড সভায় চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে।”
সূর চৌধুরী বলেন, “আগামী বোর্ড সভায় আরও কয়েকটি ব্যাংকের প্রস্তাব যাবে।”
তবে কয়টি ব্যাংকের প্রস্তাব চূড়ান্ত লাইসেন্সের জন্য যাবে, তা তিনি বলেননি।
কয়েকটি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে, এমন প্রশ্ন ডেপুটি গভর্নর বলেন, “কোনো শর্ত পূরণ ব্যতিরেকে কোনো ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স প্রস্তাব বোর্ডে যাবে না। কেবল শর্ত পূরণ করলেই সেটি বোর্ডে যাবে।”
এর আগে সকাল ১১টায় পর্ষদের বৈঠক বসে। চলে প্রায় দুপুর ১টা পর্যন্ত। গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকের আলোচ্য সূচিতে দুটি ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা রাখা হয়েছিল।
এছাড়া প্রধানমন্ত্রীর আয়কর উপদেষ্টা এস এম মনিরুজ্জামানের মিডল্যান্ড ব্যাংক আলোচনায় ছিল।
সূত্র জানিয়েছে, বোর্ড সভায় অন্য ব্যাংকের আবেদনগুলো নিয়েও আলোচনা হয়েছে। তাদের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন তুলে ধরে তা বোর্ডকে অবহিত করা হয়েছে।
এর আগে পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক হান্নানা বেগম সাংবাদিকদের বলেন, “বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। রোববারের সভার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষে আপনাদের জানানো হবে।”
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের এপ্রিল মাসের ৩ তারিখে প্রবাসীদের মালিকানাতে ৩টি বাণিজ্যিক ব্যাংক এবং ৮ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় দেশীয় উদ্যোক্তাদের মালিকানাতে ৬টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=eb4107652c9f607c88f0fe7165db5a95&nttl=20012013167340
إرسال تعليق